দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে এখনই পুরোপুরি নিস্তার মিলছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী পাঁচ দিন বা ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রার এই ক্রমান্বয়ে বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। চৈত্রসংক্রান্তির এই সময়ে হঠাৎ বৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
/অ